খুলনায় মেয়াদহীন খাদ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আব্দুল্লাহ আল মামুন রুবেল
নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বুধবার (১৯ অক্টোবর) খুলনার শিরোমনী এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্যাসের মূল্য তালিকা না থাকায় মেসার্স সাজিদ এন্টারপ্রাইজকে (ডিস্টিবিউটর) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মূল্য ও মেয়াদবিহীন প্যাকেটজাত খাদ্য ও মূল্যবিহীন বিদেশি কসমেটিকস সামগ্রী রাখার দায়ে আজিজ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বাজার তদারকিতে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিপণন কর্মকর্তা শাহারিয়ার আকুঞ্জি। এ ছাড়া অভিযানে সহায়তা করেন খানজাহান আলী থানা পুলিশ ও ক্যাব।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, বিভিন্ন অনিয়ম থাকায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন। এ ছাড়া ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয়।



0 coment rios: