২০ বছরের ওপরে যাদের বয়স তারাই ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর বয়স্ক রোগীদের মৃত্যু হচ্ছে বেশি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির।
তিনি সবশেষ হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখান, ২০ বছরের ওপরে যাদের বয়স, তাদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। অর্থাৎ, ৬২ শতাংশ। আর মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি বয়স্করা। মৃতদের এক তৃতীয়াংশের বয়সই চল্লিশের ওপরে।
আহমেদুল কবির বলেন, আক্রান্ত রোগীকে দেরি করে হাসপাতালে নেয়ায় ভর্তির তিনদিনের মধ্যে বেশি রোগী মারা যাচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং দক্ষিণে মারা গেছেন ৯ জন। পুরুষের তুলনায় নারীদের মৃত্যু হচ্ছে বেশি। এখন পর্যন্ত মৃতদের মধ্যে ৪৬ জন নারী ও ২৯ জন পুরুষ রয়েছেন।
তবে দেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর বেশির ভাগই ঢাকার বাইরের বাসিন্দা। সবশেষ হিসাবে এ রোগে মারা যাওয়া ৭৫ জনের মধ্যে ৪৮ জনই ঢাকা ছাড়া অন্য জেলার। আর একক জেলা হিসেবে কক্সবাজারে ডেঙ্গু সবচেয়ে বেশি ছড়িয়েছে। এ বছর শুধু এ জেলাতেই ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্বিতীয়বার আক্রান্তরা বেশি ভুগছেন জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল বলেন, ‘এ বছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে, রোগীরা হাসপাতালে এসেই শকে চলে যাচ্ছে। ডেঙ্গু রোগটা আমাদের দেশে অনেকদিন ধরে আছে। সবাই কোনো না কোনো স্ট্রেইনে আক্রান্ত হয়েছে।’
রাজধানীর মধ্যে মিরপুর, উত্তরা, মুগদা, যাত্রাবাড়ী, ধানমন্ডি এলাকাকে ডেঙ্গুর হটস্পট বলে জানায় সংস্থাটি।



0 coment rios: